Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়


নিজস্ব প্রতিবেদক: মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের জন্য ঢাকা নগর পরিবহনের যাত্রীসেবা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ অগাস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সংলগ্ন এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রাপথে বাস থামার স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মেয়র।

তাপস বলেন, শাহবাগ একটি জনবহুল ও ব্যস্ত এলাকা। এখানে যেহেতু মেট্রোরেলের নামার দুটি স্থান হবে, তার সঙ্গে সঙ্গে যদি আমরা ঢাকা নগর পরিবহনের যাত্রী সেবাটা মেট্রোরেলের সঙ্গে সমন্বয় করতে পারি তাহলে সব ক্ষেত্রেই যাত্রীরা মানসম্পন্নসেবা পাবে। এটা সমন্বয় করার জন্যই আমরা এসেছি এবং আমরা দেখেছি এখানে সাংঘর্ষিক কিছু হচ্ছে না। এখানে সুন্দরভাবে সমন্বয় করে কাজটি করা যাবে।

মেট্রোরেলের কাজ শেষ হওয়ার পর শাহবাগে দুটি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে জানিয়ে মেয়র বলেন, এখানে হাঁটার পর্যাপ্ত জায়গা রাখা হবে। একটি সারি সম্পূর্ণরূপে বাসের জন্য রাখা হবে। মেট্রোরেল থেকে যারা নামবেন তারা যেন স্বাচ্ছন্দ্যে বাসের সেবা নিতে পারেন এবং অন্যান্য গন্তব্যস্থলে যেতে পারেন। সেজন্য এখানে দুটো যাত্রী ছাউনি হবে। একটি এ পারে অন্যটি ওপারে।

তিনি বলেন, মেট্রোরেলের কারণে এ দুটো যাত্রী ছাউনি নির্মাণে আমাদের একটু সময় লাগবে। আপাতত এখানে যাত্রী ছাউনি নির্মাণ করবো না। মেট্রোরেলের কাজ শেষ হলে আমরা এ দুটো যাত্রী ছাউনি চালু করবো।

বিনিয়োগবার্তা/এসএল//