Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 25 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সব দেশ মানুষের কল্যাণ ও জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছ থেকে নিয়ে থাকে। সব দেশের ঋণ জনগণই শোধ করে থাকে, কারণ সরকার যে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে তা মূলত জনগণেরই টাকা।

বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা দেশে অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে প্রায় ১১ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তবে যেসব বিনিয়োগ দেশের জন্য লাভজনক হবে সেগুলোই কেবল যাচাই-বাছাই করে গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা যদি উন্নয়ন সহযোগীদের দেওয়া এই অর্থ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করি, তাহলে ঋণ পরিশোধ করার পরও দেশ লাভজনক অবস্থানে থাকবে। 

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসীন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বিনিয়োগবার্তা/এসএল//