
নিজস্ব প্রতিবেদক: উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় কাতার প্রবাসী মো. শাহজাহান মোল্লার অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া ১৮ লাখ টাকা অবশেষে ফিরিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওই প্রবাসীর ভাই জাহাঙ্গীর আলম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রচারিত হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টাকা উধাও হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করেন। পরে তারা ওই হিসাব নম্বরে দুই দফায় ৮ লাখ এবং ১০ লাখ টাকা জমা করে দেন।
কাতার থেকে মোবাইল ফোনে প্রবাসী মো. শাহজাহান মোল্লা জানান, তিনি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর গাজীপুরের চন্দনা চৌরাস্তায় অবস্থিত উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলনে। গত ১৪ আগস্ট তিনি ব্যাংকে খবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া হয়েছে।
পরে তার ভাই জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টে দেখতে পান— ওই দিনই সিটি ব্যাংকের সাতক্ষীরা শাখার মেঘনা এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে প্রথমে আট লাখ টাকা সরানো হয়। একইভাবে জয়পাড়া এসএমই শাখায় সুমাইয়া নামের এক গ্রাহকের অ্যাকাউন্টে আরও ১০ লাখ টাকা পাঠানো হয়।
পরে তার ভাই জাহাঙ্গীর আলম মোল্লা বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী জাহাঙ্গীর বলেন, তার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপকসহ কয়েকজন জড়িত আছে বলে তার ধারণা। অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত এবং পাশাপাশি আরও নজরদারি বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
জানতে চাইলে উত্তরা ব্যাংকের জয়দেবপুর শাখা ব্যবস্থাপক স্কাইল্যাব চৌধুরী বলেন, চলে যাওয়া টাকা ফেরত আনা এখনো সম্ভব হয়নি। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি টাকা কোথায় কিভাবে গিয়েছে। ওই টাকা উদ্ধারে সময় লাগবে। কিন্তু গ্রাহকের জরুরি প্রয়োজন বলে নিজস্ব ফান্ড থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু নাঈম নয়ন বলেন, উধাও হওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//