
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিকের শিশুদের টিকাদান কার্যক্রমের প্রথম দিন সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী ৬৪ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর ২১ টিসহ সারাদেশের ১৮৬টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, রাজধানীর ২১ টিসহ সারা দেশের ১৮৬টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। দুই সপ্তাহব্যাপী টিকা কার্যক্রমের প্রথম দিনে ৩১ হাজার ৮২৮ জন ছেলে শিশু এবং ৩২ হাজার ৫৩৯ জন মেয়ে শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার ৬২ জনে। তবে ৪ কোটি ৩০ লাখ ৮১ হাজার মানুষ বুস্টার ডোজ নিলেও এখনো দ্বিতীয় ডোজের বাইরে ৮৮ লাখ ১৯ হাজারের বেশি টিকা গ্রহীতা।
গত ১১ আগস্ট পরীক্ষামূলক প্রয়োগের পর বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাঁচ বছরের বেশি শিশুদের টিকাদান। এতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মেলে। প্রতিটি কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়েছে শিশুরা। দু-একটি কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা দেখা দিলেও টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শুক্রবার সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম। তবে শনিবার যদি স্কুল খোলা থাকে সে ক্ষেত্রে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের ভ্যাকসিন বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম প্রথম দিনে হয়তো কম হবে। কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। কত টিকা দেওয়া হবে সেই লক্ষ্যমাত্রা ছিল না। যত আসবে দেওয়া হবে এটাই পরিকল্পনা ছিল। অভিভাবকেরা যে সচেতনতা দেখিয়েছেন আমরা তাতে মুগ্ধ। আমরা চাই বাচ্চারা সুরক্ষিত থাকুক।
বিনিয়োগবার্তা/কেএইচকে//