
ডেস্ক রিপোর্ট: ভারতের সশস্ত্র বাহিনীর কাছে যুদ্ধবিমান বিক্রি করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ উড়োজাহাজ উৎপাদনকারি প্রতিষ্ঠান বোয়িং। এফ/এ-১৮ মডেলের জেট কিনতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে প্রস্তাব দেয়া হয়েছে। খবর: রয়টার্স।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীতে উড়োজাহাজ সরবরাহের জন্য নির্বাচিত হয়েছে বোয়িং। এটি দেশটির প্রতিরক্ষা খাতে আরো বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। মূলত সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সংস্থাটি।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, এফ/এ-১৮ মডেলের সুপার হর্নেট মডেলের উড়োজাহাজ ভারতের প্রতিরক্ষা খাতে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী ১০ বছরে ভারতীয় আকাশসীমা ও প্রতিরক্ষা খাতে ৩৬০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাবের প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আরো একটি ক্রয়াদেশ পাওয়ার কথা রয়েছে বোয়িংয়ের।
কোম্পানির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতে যে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে তা মূলত দেশটির সরকারের আত্মনির্ভর ভারত কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে থাকবে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, প্রকৌশল ও প্রযুক্তি খাতের বিনিয়োগ এবং অবকাঠামো খাতের বিনিয়োগ।
বিনিয়োগবার্তা/এসএএম//