Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কক্সবাজার প্রতিনিধি: সাপ্তাহিক দুইদিনের ছুটির প্রথম দিনে কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক। হোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতান এবং পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ সমুদ্র সৈকতে, আবার কেউ যাচ্ছেন, সমুদ্রের কাছাকাছি পাহাড়ের উপত্যকায়। পর্যটন শিল্পে বিনিয়োগকারীরা পর্যটকদের আশানুরূপ সমাগম দেখে খুশিতে আত্মহারা।

কলাতলী হোটেল মোটেল জোনের সাধারণ সম্পাদক মুকিম খান জানান, আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছিল সাপ্তাহিক দুইদিনের ছুটি। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ছিল একদিনের ছুটি। সাম্প্রতিক সময়ে সরকারি সিদ্ধান্ত আসে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক দুইদিনের ছুটি। ফলে বিপুল পরিমাণ শিক্ষক-শিক্ষার্থী এই প্রথম দুইদিনের ছুটি পেয়ে সোজা চলে এসেছেন কক্সবাজার। তাই পর্যটক সমাগম আগের চাইতে এ সপ্তাহে বেশি হয়েছে। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতের একেক স্থানের সৌন্দর্য একেক রকম। এই অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি কক্সবাজারকে দেখতে দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন সারাবছর।

রংপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আজিজুর রহমান বলেন, আমি দুইদিনের সাপ্তাহিক ছুটি উপভোগ করতে সপরিবারে কক্সবাজার চলে এসেছি। চার বছর আগেও এসেছিলাম। চার বছরের ব্যবধানে কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। প্রকৃতি রক্ষায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সক্রিয় হয়েছে কক্সবাজারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কক্সবাজারের ভাবমূর্তি বাড়াতে আরো ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন।

চট্টগ্রাম ফটিক ছড়ির শারমিন সুলতানা। পেশায় একজন সরকারি চাকরিজীবী। থাকেন চট্টগ্রাম শহরে। সাপ্তাহিক দুইদিনের ছুটি পেয়ে বাচ্চাদের নিয়ে এসেছেন কক্সবাজারে। তিনি বলেন, ভোর বেলায় হোটেলে ব্যাগ রেখে বের হয়ে যাই বাচ্চাদের নিয়ে। প্রথমে দরিয়া নগর, হিমছড়ি থেকে ঘুরে এসে সৈকতের সুগন্ধা বিচে নেমে সমুদ্র স্নান সেরেছেন। কক্সবাজারের অন্যান্য পর্যটন কেন্দ্রে ঘুরার কথাও জানান তিনি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতসহ সব পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ ও সি-সেইফ গার্ড কর্মীরা পর্যটকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএল//