Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার দল আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই উৎসব মুখর পরিবেশে দূর্গাৎসব পালন করতে পারছি। তিনি বলেন, কিছু সুযোগ সন্ধানী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার বিকেলে নওগাঁর কালিতলায় শ্রী শ্রী বুড়া মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সব ধর্মই কল্যাণের কথা বলে অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে  নিরলস কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান সবার প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। জাতির পিতাকে ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কুমার সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার ও হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন।

বিনিয়োগবার্তা/এসএল//