Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 28 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কিত বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার এক প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, ২৬ মার্চ ২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ’র সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদ’র কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।

তিনি বলেন, নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পেরেছে। যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সব সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি এবং শতভাগ স্বচ্ছতার সাথে। তাহলে এতে কার ক্ষতি হলো? এটি স্পষ্ট করে বলা দরকার; নগদ এর জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। তাই অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।

মোস্তাফা জব্বার বলেন, নগদ এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোনো অনিয়মের স্থান নেই। তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা। দেশের মানুষের জন্য নগদ’র সঙ্গেই থাকুন।

বিনিয়োগবার্তা/এসএল//