Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 29 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আভাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় দেয়া বক্তব্যে তিনি বলেছেন, আমরা এতদিন একটা জোটের সঙ্গে ছিলাম। কিন্তু ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছে। সেটা আর ফিরে আসেনি। বছরের পর বছর এ ধরনের অকার্যকর জোট চলতে পারে না।

জামায়াতের আমিরের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন জল্পনা। দলটির একাধিক নেতা অবশ্য দাবি করেছেন, তাদের আমিরের বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি। ভাইরাল ভিডিওতে জামায়াত আমিরকে এও বলতে শোনা যায়, আর কোনো জোট নয়। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে।

জামায়াতের জোট ছাড়া প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভিডিওটি আমি দেখেছি, উনার (জামায়াত আমির) বক্তব্য শুনেছি। তবে এ বিষয়ে আমাদের মহাসচিব সবচেয়ে ভালো বলতে পারবেন। আমি তাদের সঙ্গে মিটিং করিনি, তাই এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানি না। পরে এ বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেলফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। বিএনপির দায়িত্বশীল অন্য নেতারাও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে ১৯৯৯ সালের ৬ জানুয়ারি চারদলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরবর্তী সময়ে অর্থাৎ ২০০১-০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকে এ জোট। যদিও এর মধ্যে অনেক ভাঙাগড়া হয়েছে। ঐক্যজোট ছেড়ে গেছেন অনেকেই। এরপর বিএনপির নেতৃত্বে ২০১২ সালের ১৮ এপ্রিল ১৮টি দল এবং পরবর্তী সময়ে আরো দুটি দলের সমন্বয়ে ২০ দলীয় জোট গঠিত হয়, যার অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দিতে দীর্ঘদিন ধরেই বিএনপির ওপর নানা চাপ ছিল। কিন্তু সে বিষয়ে দলীয়ভাবে বা জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা না এলেও দলটির একাধিক নেতা প্রকাশ্যেই জামায়াতকে জোট থেকে বের করে দেয়ার কথা বলেছেন। আবার বিগত বেশকিছু কর্মসূচি ও রাজনৈতিক অনুষ্ঠানে জামায়াত নেতাদের এড়িয়ে চলে বিএনপি। এমনকি ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে বিএনপি ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গড়লেও সেখানে জামায়াতের কার্যকর অংশগ্রহণ ছিল না। মূলত ২০ দলীয় জোটকে পাশ কাটিয়ে বিকল্প জোটে ভর করায় বিএনপির সঙ্গে জামায়াতের মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//