Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 29 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর চালু হচ্ছে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতার ৪৯তম আসর শুরু হবে। ৪ থেকে ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৪ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

রবিবার (২৮ আগস্ট) ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ১২ থেকে ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের, ১১ থেকে ১৩ অক্টোবর উপ-অঞ্চল পর্যায়ে, ১৫ থেকে ১৭ অক্টোবর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। 

আর আগামী ২০ থেকে ২৪ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো ময়মনসিংহ শিক্ষা বোর্ডর অধীনে সিলেটে অনুষ্ঠিত হবে।  

এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে। 

জানা যায়, প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। সূচিটি সব শিক্ষা বোর্ড ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি স্কুল, কলেজ ও মাদরাসাগুলোকে জানাতে বলা হয়েছে। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//