Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 31 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান- নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, কিছু শর্তসাপেক্ষে নগদকে এলওআই দেয়া হয়েছে।

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সেখানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।

জানা যায়, দেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) হতে হয়। কিন্তু নগদ এতদিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি ছিল না। তাই তারা এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পাইনি। মোবাইলে সেবা কার্যক্রম পরিচালনা করেছে ডাক বিভাগের প্রতিষ্ঠান হিসেবে। এখন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে নগদ। সুতরাং তারা সারাদেশে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নগদ ছাড়াও ১৩টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) মোবাইলের মাধ্যমে লেনদেন সেবা দিয়ে যাচ্ছে। এই অর্থবছরে (২০২১-২২) লেনদেন বার্ষিক ১৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৪ হাজার ২৯৩ কোটি টাকা হয়েছে। বতমানে মোবাইল ব্যাংকিংয়ে একাউন্টের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৬৪২টি। এজেন্ট সংখ্যা ১৫ লাখ ১৫ হাজার ৬৬৫টি।

নগদ বিষয়ে মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক অনুষ্ঠানে বলেন, ‘২৬ মার্চ-২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদের কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।

নামকরণ করা হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫টি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//