Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 14:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মহাসড়কে যানজট এড়াতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। কলকারখানা শ্রমিক এবং গার্মেন্ট শ্রমিক যারা রাজধানী থেকে গ্রামে যাবেন তাদের বাড়ি ফেরা নিয়ে আমরা আলোচনা করেছি।

মন্ত্রী বলেন, ঢাকা জেলায় প্রবেশ ও বের হওয়ার পথ সমূহে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ের মাধ্যমে রাস্তা যানজটমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌ-পথে সদরঘাট, পাটুরিয়া, দৌলদিয়া, মাওয়াঘাট ও কাওরাকান্দি ঘাটে যানজট নিরসনে নৌ-পুলিশ ও লঞ্চ মালিকদের সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ছুটির আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় পাওনা পরিশোধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, গার্মেন্ট কর্মীদের ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ধাপে ধাপে ছুটির ব্যবস্থা থাকবে। এসব সিদ্ধান্তের বিষয়ে মালিকপক্ষ এক মত পোষণ করেছে।

ঈদে ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, জাতীয় ঈদগাহসহ দেশের প্রতিটি ঈদের জামায়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। জাতীয় ঈদগাহে সিসি ক্যামেরা থাকবে।

মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে শহরের প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে ডিপ্লোমেটিক জোন ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনী তৎপর থাকবে। বৈঠকে বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের আইজি, কোষ্টগার্ড প্রধান, আনসার প্রধান, র্যা ব প্রধান, শিল্প পুলিশ প্রধান, বিজিবি প্রধান, ফায়ার সার্ভিস প্রধান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৮ জুন ২০১৭)