Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 02 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় শ্রীলংকাকে প্রাথমিকভাবে ২৯০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

গতকাল আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি এক বিবৃতিতে এসব তথ্য জানায় উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেউলিয়া ঘোষণা করা দেশটির জন্য আইএমএফের ঋণ অনুমোদনকে আরো কিছু তহবিল খুলে দেয়া এবং ঋণ পুনর্গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে আইএমএফের দেয়া অর্থ পরিশোধে শ্রীলংকার সরকারি ব্যাংকগুলোকে নিশ্চয়তা দিতে হবে। বর্ধিত সুবিধার অধীনে আইএমএফ চার বছর মেয়াদে ঋণ দেবে।

আইএমএফ বলছে, ঋণ কর্মসূচির উদ্দেশ্য দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা পুনরুদ্ধার করা। পাশাপাশি সর্বনিম্ন রাজস্ব স্তরের একটি থেকে শুরু করে প্রোগ্রামটি বড় কর সংস্কার পর্যন্ত বাস্তবায়ন করবে। সংস্কারগুলোর মধ্যে ব্যক্তিগত আয়করকে আরো প্রগতিশীল করা এবং করপোরেট আয়কর ভ্যাটের জন্য করের ভিত্তি প্রসারিত করাও রয়েছে।

ঋণ প্রদানের জন্য দ্বীপরাষ্ট্রটির সরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চেয়েছে আইএমএফ। পাশাপাশি বেসরকারি ঋণদাতাদের সঙ্গে একটি সহযোগিতা চুক্তিতে পৌঁছার চেষ্টা করবে সংস্থাটি। আইএমএফের ব্যবস্থাপনা নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে এবং শ্রীলংকার শর্ত পূরণের ভিত্তিতে চুক্তি চূড়ান্ত হবে। ঋণ কর্মসূচির লক্ষ্য শ্রীলংকাকে রাজস্ব পুনর্গঠনে সহায়তা, জ্বালানি বিদ্যুতের জন্য নতুন মূল্য নির্ধারণ, সামাজিক ব্যয় বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার এবং দেশের বৈদেশিক রিজার্ভ পুনর্গঠন করা।

কলম্বোয় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে আইএমএফের কর্মকর্তারা চূড়ান্ত ঋণ অনুমোদন পাওয়ার জন্য আরো দ্রুত ঋণ পুনর্গঠনের ওপর জোর দেন। আইএমএফের সিনিয়র মিশন চিফ পিটার ব্রিউয়ার মনে করেন, ঋণ বিতরণের জন্য সময়সীমা নির্ধারণ করা কঠিন। তবে শ্রীলংকায় মানবিক সংকট এড়াতে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি সহায়তার ওপর বাড়তি জোর দিয়েছেন তিনি।

বিভিন্ন ধরনের অর্থনৈতিক আইনি উপদেষ্টাদের সঙ্গে ঋণ পুনর্গঠন কৌশল নিয়ে কাজ করছে শ্রীলংকা। সেই সঙ্গে দেশটি আগামী কয়েক সপ্তাহে ঋণদানকারীদের জন্য একটি প্রেজেন্টেশন বানানোরও পরিকল্পনা করছে বলে এক আলাদা বিবৃতিতে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এসব আলোচনার উদ্দেশ্য দেশের সামস্টিক অর্থনীতির উন্নয়ন, আইএমএফের সঙ্গে সম্মত হওয়া সংস্কার ক্ষেত্রগুলো এবং ঋণ পুনর্গঠনের পরবর্তী পদক্ষেপ বিষয়ে আপডেট দেয়া।

শ্রীলংকার বিনিয়োগ ব্যাংক সিএএল গ্রুপের প্রধান কৌশলবিদ উদীশান জোনাস বলেছেন, আইএমএফের মন্তব্যগুলো মূলত ইতিবাচক। সংস্থাটি আমাদের রাজস্ব ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে শ্রীলংকা। কিন্তু মার্চে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করে। রাজনৈতিক প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। খাবারের দাম বাড়তেই থাকে। আগের বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যায় শতকরা ৯০ ভাগ। অর্থাৎ খাবারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভোক্তাদের মূল্যস্ফীতি বেড়ে যায় ৬০ দশমিক শতাংশ।

আইএমএফের বাইরে ভারত, জাপান চীনের কাছেও ব্রিজ ফাইন্যান্সিংয়ের (স্বল্পকালীন অর্থায়ন) আহ্বান জানিয়েছে সংকটাপন্ন শ্রীলংকা। বিক্রমাসিংহে জানান, বন্ডহোল্ডারদের কাছে বিষয়গুলো উপস্থাপনের আগে সরকারি পাওনাদারদের সঙ্গে চুক্তি করা দরকার।

জুলাইয়ের শেষ নাগাদ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮২ কোটি ডলারে দাঁড়ায়, যেটা আগের মাসেই ছিল ১৮৬ কোটি ডলার। এর মধ্যে আবার ছিল চীনের সঙ্গে মুদ্রা বিনিময়ের অংশ হিসেবে আটকে থাকা ১৫০ কোটি ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্দিষ্ট পরিমাণে বাড়ানোর শর্তেই শুধু যে অর্থ ব্যবহার করা যেত।

দক্ষিণ এশিয়ার দেশটি চীনের কাছে  ৪০০ কোটি ডলার সহায়তা চাইছে। সেই সঙ্গে মুদ্রা বিনিময় কার্যকর করে দেয়ারও আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে ভারত থেকে ৩৮০ কোটি ডলার সহায়তা পেয়েছে দেশটি। তবে তারা আরো পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। 

বিনিয়োগবার্তা/এসএএম//