Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 02 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পাশাপাশি শিল্পের নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে সময়োপযোগী নীতিসহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা জানান। এক্ষেত্রে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক আরফিন আরা বেগম।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যখন কভিড-১৯ মহামারীর ব্যাপক প্রভাব কাটিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের পুনরুদ্ধার ঘটছে, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, যা শিল্পের জন্য আরেকটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, চ্যালেঞ্জের পরিধি অনুযায়ী শিল্পের একার পক্ষে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। বরং পোশাক শিল্প যাতে বৈশ্বিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে পারে, সেজন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন।

তিনি কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে পোশাক শিল্পকে ঐকান্তিক সহযোগিতা দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সহযোগিতা শিল্প খাতটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।

এছাড়া উৎসে কর কর্তনের হার আগের অর্থবছরের মতো একই পর্যায়ে রাখার বিষয়টি বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি। একইসঙ্গে ম্যান-মেইড ফাইবারভিত্তিক (এমএমএফ) পোশাক রফতানি বাড়াতেও সরকারের সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।

বিনিয়োগবার্তা/এসএএম//