
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের পাঁচ দেশ থেকে খাদ্য পণ্য আমদানি করবে বাংলাদেশ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশগুলো হলো- রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
রবিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয় করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই পাঁচ দেশ থেকে খাদ্যপণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর উপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে হবে, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে অনেক কমফরটেবল অবস্থায় আমরা আছি। এছাড়া আমানের ফলন ঘরে উঠলে খাদ্য ঝুঁকি থাকবে না।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের সভায় মোট ১০টি এ্রজেন্ডা অনুমোদন করা হয়। এগুলো হলো: বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২২ এর নীতিগত অনুমোদন, বাংলাদেশ ও কাতার সরকারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে `Agreement for Cooperation in the Legel Field' শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন, Protocols Amending Articles 50(a) and 56 of the Convention on International Civil Aviation (2016) অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন, মাদার অব হিউমিনিটি সমাজকল্যান পদক নীতিমালা’র নাম সংশোধনসহ উহার খসড়া অনুমোদন, সম্প্রতি কৃষি মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের নেদারল্যান্ড সফর বিষয়ে অবহিতকরন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর নেতৃত্বে রাশান ফেডারেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিতকরণ, স্বাস্থ্যমন্ত্রীর সেতৃত্বে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন সম্পর্কে অবহিতকরণ, রেলমন্ত্ররি ভারত সফর সম্পর্কে অবহিতকরণ, ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে সিঙ্গাপুর সফর সম্পর্কে অবহিতকরণ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নেতৃত্বে সুইজারেল্যান্ডে আইএলওর ৩৪তম অধিবেশনে যোগদান বিষয়ে মন্ত্রিসভাকে অবহিতকরণ।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//