Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থ বছরের (২০২২-২৩) আগস্ট মাসে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে ৩৭ কোটি ৬১ লাখ টাকা ভ্যাট এসেছে। গত অর্থ বছরের আগস্টের তুলনায় এবার রাজস্ব এসেছে ২৫ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের আগস্টে ইএফডির মাধ্যমে ভ্যাট এসেছিল ১৬ কোটি ২২ লাখ টাকা।

সোমবার (৫ সেপ্টেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে ইএফডি লটারি ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

মইনুল বলেন, ইএফডি মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গত অর্থ বছরের তুলনায় চলতি বছরের আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট পর্যন্ত ৭ হাজার ৩৫৬টি প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৮৯টি মেশিন বসানো হয়েছে। আগস্টে মোট ৩০ লাখ ইনভয়েসিং হয়েছে, যার বিপরীতে ৫৮৭ কোটি টাকা বিক্রি হয়েছে। যেখান থেকে ভ্যাট এসেছে ৩৭ কোটি ৬১ লাখ টাকা।

তিনি বলেন, আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব প্রবৃদ্ধি দুটোই বেড়েছে। গত বছরের আগস্টের তুলনায় ইনভয়েসিং ১৫ শতাংশ বেড়েছে। ওই মাসে মোট ইনভয়েসিং হয় ১৭ লাখ ১০ হাজার, যেখানে ২২০ কোটি টাকা বিক্রির বিপরীতে ভ্যাট আসে ১৬ কোটি ২২ লাখ টাকা। 

মইনুল খান আরও বলেন, আমরা মনে করি এই খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। যখন ৩ লাখ মেশিন বসানো হবে, তাহলে দীর্ঘমেয়াদে আরও সফলতা আসবে। এজন্য সচেতনতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//