
নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ৯ মাসে ৩ কোটি ৬০ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএসসিসি’র নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, ২৬ ডিসেম্বর ২০২১ আমরা দীর্ঘদিনের জটিলতা নিরসন করে ঢাকা নগর পরিবহনের প্রথম ২১ নম্বর যাত্রাপথ আমরা শুরু করি। আপনারা জেনে খুশি হবেন যে, অগাস্ট মাস পর্যন্ত এই যাত্রাপথে আমরা ২৪ লাখের বেশি ঢাকাবাসীকে আমরা এই যাত্রী সেবা দিতে সক্ষম হয়েছি। এতে ঢাকা নগর পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিসি এবং বিভিন্ন মালিকবৃন্দ প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করতে পেরেছে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে এটি প্রমাণিত যে, আমরা সঠিক পথে এগোচ্ছি। যদিও এখনো অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং সমস্যা রয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো সমাধান করে এগিয়ে চলছি।
বিনিয়োগবার্তা/কেএইচকে//