Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভারতের আজমীরের খাজা গরিবে নওয়াজ খাজা মইনুদ্দিন চিশতি (রহ.) দরগাহ শরীফ পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জিয়ারতের সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরে খাজা মইনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ পরিদর্শন করেন। প্রখ্যাত এই সুফির কবর জেয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। মোনাজাতে প্রধানমন্ত্রী দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জয়পুর যান।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় এর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যা ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।

নরেন্দ্র মোদি-শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে এক সঙ্গে কাজ করতে সম্মত হন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রী কিষাণ রেড্ডি, ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সফরে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরাম আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের পরিবারবর্গের মধ্যে ‘মুজিব স্কলারশিপ’ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, এফবিসিসিআয়ের সাবেক পরিচালক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//