Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 10 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত সুরক্ষা (হাইজিন) ও বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখার পণ্য তৈরির কারখানা স্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৭ কোটি ৫৬ লাখ ডলার বা ১৬৬ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে ভারতীয় কোম্পানি আরএসপিএল হেলথ বিডি লিমিটেড।  এতে কর্মসংস্থান হবে প্রায় ৯০০ বাংলাদেশির।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে কারখানাটি স্থাপনের বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে আরএসপিএল হেলথ বিডি।

বেজার নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন ও আরএসপিএল হেলথ বিডির এদেশীয় প্রধান রকিবুল মতিন চুক্তিতে সই করেন।

ভারতীয় কোম্পানি আরএসপিএল ২০১৩ সাল থেকে বাংলাদেশে হেলথ বিডি নামে ব্যবসা পরিচালনা করছে। দেশের বাজারে ডিটারজেন্টসহ কয়েকটি পণ্য বিক্রি করছে কোম্পানিটি। তবে ভারতে আরএসপিএলের সুরক্ষা পণ্য ছাড়াও জুতা, দুগ্ধজাত পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ আছে। আরএসপিএল হেলথ বিডির উপমহাব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানান, বাংলাদেশের বাজারে ব্যক্তিগত সুরক্ষা (হাইজিন) ও বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখার পণ্যের অনেক চাহিদা আছে। এ জন্য গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে তাঁরা এখানে কারখানা স্থাপন করতে উদ্যোগী হয়েছেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইতিমধ্যে ভারতের আদানি গ্রুপ, ম্যারিকো, এশিয়ান পেইন্টসসহ পাঁচটি প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//