
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় নির্বাচন শেষ হচ্ছে শনিবার (১০ সেপ্টেম্বর)। এদিন বিকেল ৫টা পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় পছন্দ করতে পারবেন।
ঢাবির অনলাইন সূত্রে জানা যায়, সাত কলেজের ২০২১-২০২২ সেশনের সাবজেক্ট চয়েসের প্রথম মেধা তালিকা প্রকাশ হবে ১৫ সেপ্টেম্বর (সম্ভাব্য)।
এছাড়াও কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা চয়েস ও তথ্য ফরম পূরণ এবং উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে শনিবার (১০ সেপ্টেম্বর) আজ বিকেল ৫টা পর্যন্ত। কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদেরও প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর (সম্ভাব্য)।
এর আগে গত বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের সাবজেক্ট চয়েসের বিষয়ে জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অনলাইনে কাগজ ও বিষয়সমূহের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরাও ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে যথাযথভাবে পূরণ করে কলেজ ও বিষয় নির্বাচনের পছন্দে কপিসহ অফিস চলাকালীন সময়ে বিজ্ঞান অনুষদের অফিসে জমা দিতে হবে।
এছাড়াও অনলাইনে পূরণকৃত বিষয়ের পছন্দক্রম বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ের জন্য প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
বিনিয়োগবার্তা/এসএল//