
খেলাধূলা ডেস্ক: আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
সোমবার (১২ সেপ্টেম্বর) ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই দল ঘোষণা করে। বিশ্বকাপের পাশাপাশি তারা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে।
দলে ফিরেছেন দলের দুই তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল। অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও দলে রেখেছেন নির্বাচকরা।
এছাড়া চলতি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আর্শদিপ সিংকেও রাখা হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের দলে। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি কিংবা দীপক চাহারের।
চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এছাড়া অফস্পিনিং অলরাউন্ডার দীপক হুদাও রয়েছেন দলে।
বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ রয়েছে ভারত। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন। ২০০৭ সালে প্রথম আসরে শিরোপা জেতার পর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ইয়ুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণুই, দীপক চাহার।
বিনিয়োগবার্তা/কেএইচকে//