Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 14 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসকদের মানহানির অভিযোগে লাইফবয় সাবান ব্যবহারে ‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এস কে ইউসুফ রহমান মঙ্গলবার এ লিগ্যাল নোটিশ পাঠান। বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী এস কে ইউসুফ রহমান।

তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন। যা চিকিৎসক সমাজের জন্য মানহানিকর।

আরো বলা হয়েছে, এ বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা দেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার করা উচিত এবং বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।

পাশাপাশি আর কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যাথায় খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

এ বিষয়ে ডা. নওশিন শারমিন পূরবী বলেন, ইউনিলিভারের এ বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একজন চিকিৎসক ও সচেতন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা এবং দাবি করছি ইউনিলিভার বিজ্ঞাপনটি প্রত্যাহার করে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করবে।

বিনিয়োগবার্তা/এসএল//