Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 16 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নোয়াখালী প্রতিনিধি: এক নৌকায় ধরা পড়েছে ৫৯ মণ ইলিশ। ইলিশগুলো নিলামে বিক্রি হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। ইলিশগুলো ভালো দামে বিক্রি করতে পেরে উচ্ছ্বসিত ভোলার মনপুরার জেলেরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসব ইলিশ বিক্রি করা হয় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার হাবিব ভূঁইয়া বলেন, নৌকার মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেয়ারম্যান ঘাটে আসতে বলি। বিভিন্ন সাইজের মাছ ছিল। তবে বড় সাইজের ইলিশ মাছ বেশি ছিল। নিলামে দাম তুলতে তুলতে শেষ পর্যন্ত ২২ হাজার ১০০ টাকা করে ৫৯ মণ ইলিশের দাম হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

হাতিয়ার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল বলেন, মেঘনায় মাছ নেই কিন্তু সাগরে মাছ আছে। তবে বৃষ্টি হওয়ায় এখন নদীতেও মাছ পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা শুরু হবে ৭ অক্টোবর থেকে। তার আগে ভালো মাছ ধরা পড়বে।

ট্রলারের মালিক উৎফুল মাঝি বলেন, আমরা ১২ জেলে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে যাই। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সিগন্যালে পড়ে ঘাটে ফিরতে পারিনি। সাগর প্রচণ্ড উত্তাল ছিল। সৃষ্টিকর্তা আমাদের ফিরে আসার সুযোগ দিয়েছেন। এবং সঙ্গে দিয়েছেন অনেক মাছ।

তিনি আরো বলেন, ইলিশের আকার বিভিন্ন রকমের হয়েছে। তবে বেশির ভাগ সাগরের ইলিশ বড় বড়। ফোনে যোগাযোগ করে সব মাছ আমরা মেঘনা ফিশিং এ বিক্রি করেছি। এখানে ভালো দাম পেয়েছি।


বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//