Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 23:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ফের রক্তাক্ত হল লন্ডন। একের পর এক সন্ত্রাসী হামলা ও সবশেষ গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের পরে এবার ফের হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজধানী। আগের মতই ফুটপাতে গাড়ি উঠিয়ে দিয়ে হামলা হয়েছে মুসুল্লিদের ওপর। এসময় মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। মারা গেছেন একজন। আহত হয়েছেন আরো অন্তত আট জন। আটক করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে।

স্থানীয় সময় রোববার (১৯ জুন) দিবাগত রাতে উত্তর লন্ডনের সেভেন সিস্টার রোডের ফিন্সব্যারি পার্ক মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে। এসময় নামাজ শেষে বাড়ির ফেরার পথে মুসুল্লিদের ওপর দ্রুতগতিতে গাড়ি উঠিয়ে দেন সন্দেহভাজন হামলাকারী।

এ ঘটনায় আটক হয়েছেন ৪৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী। তবে তার ও হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনাকে ‘ইসলাম ভীতি থেকে পরিচালিত হামলা’ বলে উল্লেখ করেছে দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী টেরিসা মে ও বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

গত ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে হামলা চালানো হয়। একইসময় ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়া হয়। এ হামলায় সবমিলিয়ে নিহত হন পুলিশ কর্মকর্তাসহ ৫ জন। আহত হন ফরাসি ও রোমানিয়ান নাগরিকসহ আরো অন্তত ৪০ জন। পুলিশের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী ব্রিটিশ নাগরিক খালিদ মাসুদ।

সবশেষ গত ৩ জুন রাতে লন্ডন ব্রিজ এলাকায় একটি গাড়ি ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। এর পরপরই পাশের ব্যস্ততম একটি মার্কেটে হামলাকারীরা ছুরি হাতে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে মারা যান বিদেশীসহ মোট আটজন। আহত হন আরো অর্ধশতাধিক।

(এমআইআর/ ১৯ জুন ২০১৭)