
নিজস্ব প্রতিবেদক: দেশের সিএমএসএমই খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাব্য আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা প্রদান, সারাদেশে এসএমই খাতের ক্লাস্টার উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, এলডিসি পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সিএমএসএমই খাতের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম পরিচালনায় যৌথভাবে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। এলক্স্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর, ২০২২) ডিসিসিআই অডিটোরিয়ামে উভয় সংস্থার মধ্যে এ সহযোগিতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
ঢাকা চেম্বারের মহাসচিব আফসারুল আরিফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান জানান, দেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির সাথে একযোগে কাজ করছে এবং আজকের এ সহযোগিতা চুক্তি পূর্ববর্তী কাজের ধারাবাহিকতাকে আরো বেগবান করবে। তিনি উল্লেখ করেন, দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ, ঋণ সহায়তা প্রাপ্তি সহজীকরণ এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংষ্কারের ক্ষেত্রে ডিসিসিআই এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে কাজ করলে এখাতের উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমান বলেন, আমাদের অর্থনৈতিক কার্যক্রমের বেশির ভাগই ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক, তবে সারাদেশে অর্থনীতির কার্যক্রমকে ছড়িয়ে দিতে হলে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের বিকাশের কোন বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, কোভিডকালীন সময়ে এসএমইদের অর্থায়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তবে এখাতের উদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিতকল্পে নীতিমালা সহজীকরণ ও আইনের সংষ্কার একান্ত আবশ্যক এবং এলক্ষ্যে ডিসিসিআইসহ অন্যান্য বাণিজ্য সংগঠনসমূহ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বৈশি^ক বাণিজ্যের প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবেলায় দেশিয় উদ্যোক্তাদের গবেষণা, প্রশিক্ষণ ও নতুন পণ্য উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান বলেন, শিল্পনীতিতে ২০২৭ সালে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৪০শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ লক্ষ্য অর্জন করতে হলে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে। এ খাতের উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা সহজীকরণ ও আইনের প্রয়োজনীয় সংষ্কারের জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//