Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: গুগল ফটোজ ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে ১০ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে গুগল। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দাদের ছবি ব্যবহারে পূর্বানুমতি না নেয়ায় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি আইন (বিআইপিএ) লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে এ তহবিল ঘোষণা করা হয়েছে। খবর ফোন অ্যারেনা।

গুগল বিআইপিএ সেটলমেন্ট ডটকমের বরাতে ফোন অ্যারেনার নিবন্ধে বলা হয়েছে, গুগল ফটোজের সব গ্রাহক এ তহবিলের অর্থ পাবে না। কেবল যেসব গ্রাহক ২০১৫ সালের ১ মে থেকে ২০২২ সালের ২৫ এপ্রিলের মধ্যে ইলিনয়ের বাসিন্দা ছিল এবং গুগল ফটোজ ব্যবহার করেছেন, তারা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ওই ক্ষতিপূরণের জন্য দাবি জানাতে পারবেন।

ওয়েবসাইটটি উল্লেখ করা হয়েছে, গুগলের বিরুদ্ধে মামলাটির নাম রিভেরা, ইটি এএল ভি. গুগল। ক্ষতিপূরণের যোগ্য প্রত্যেককে প্রাথমিকভাবে ২০০-৪০০ ডলারের মধ্যে একটি অর্থ দেয়া হবে বলে আশা করা হচ্ছে, যা পরবর্তী সময়ে আরো বাড়তে পারে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ, গুগল ফটোজের ফেস গ্রুপিং টুল ইলিনয় রাজ্যের বিআইপিএ লঙ্ঘন করেছে। কেননা আইন অনুযায়ী যেকোনো কোম্পানি ইলিনয়ের বাসিন্দাদের কাছ থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করার আগে এর উদ্দেশ্য, কতক্ষণ সংরক্ষণ করা হবে এবং কখন তা স্থায়ীভাবে ধ্বংস করা হবে এমন প্রতিটি বিষয় লিখিতভাবে জানাতে হবে। এখানেই গুগল মারাত্মক ভুল করেছে। যথাযথ নোটিস না দিয়ে এবং সম্মতি চাওয়া ছাড়াই মানুষের মুখের বিবরণ সংগ্রহ ও সংরক্ষণ করার আগে গুগল ব্যবহারকারীদের জানায়নি কীভাবে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে। এ পরিপ্রেক্ষিতে গত মে মাসে গুগল ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে গুগলের পক্ষ থেকে বার্তা সংস্থা সিনেটকে বলা হয়, ফেস গ্রুপিংয়ের ক্ষেত্রে ফেসিয়াল শনাক্তকারী অ্যালগরিদম ব্যবহার করে একই ব্যক্তির ছবি আলাদা করার সুযোগ রয়েছে, যা শুধু সেই গ্রাহকের কাছেই দৃশ্যমান। গ্রাহক চাইলেই তা বন্ধ করে দিতে পারে। ২৮ সেপ্টেম্বর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের শুনানি হবে। এরপর গ্রাহক পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অর্থ ফেরত পেতে পারে। তবে গুগল জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি কখন এবং কীভাবে নিষ্পত্তি হবে তা অনিশ্চিত।

এসইওহোস্ট ডটনেটের তথ্যমতে, ইলিনয়ের ১৪ লাখ বাসিন্দা ক্ষতিপূরণের যোগ্য। আইনজীবীদের দাবি, আদালতের ফি এবং অন্যান্য খরচ মেটানোর পর যোগ্য আবেদনকারীরা মোট জরিমানার ৪০ শতাংশ বা ১০ কোটি ডলারের সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন। প্রকৃতপক্ষে নগদ জরিমানার পরিমাণ জমা হওয়া বৈধ দাবির সংখ্যার ওপর নির্ভর করবে। তবে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য গ্রাহকরা ভেনমো, জেলে, পেপাল, প্রিপেইড ডিজিটাল মাস্টারকার্ড বা চেকের মাধ্যমে তাদের অর্থ নিতে পারবেন।

উল্লেখ্য, গুগলই এক প্রযুক্তি সংস্থা নয় যা ইলিনয়ের বিআইপিএ লঙ্ঘনের কারণে বিপুল অর্থ দিতে বাধ্য হচ্ছে। গত বছর টিকটক ৯ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে। স্ন্যাপচ্যাট চলতি মাসে বিআইপিএ লঙ্ঘনের জন্য সাড়ে ৩ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এর আগে ফেসবুকও তাদের ফটো ট্যাগিং ফিচারের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে ৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে সমঝোতা করতে বাধ্য হয়।

বিনিয়োগবার্তা/এসএল//