Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। সঙ্গে করে নিয়ে এসেছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। লাল-সবুজ জাতীয় পতাকা জড়িয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় করেছেন নানান শ্রেণি-পেশার মানুষ।

বুধবার দুপুর ১টা ৪১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিজি থ্রি ৭২ ফ্লাইট। এখন চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেওয়ার পালা। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এরই মধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।

বিমানবন্দরে ফুল আর মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের নিয়ে যাওয়া হয় ছাদ খোলা বাসে। বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে সভাপতির সঙ্গে ফটোসেশন, বৈঠক আর মধ্যাহ্নভোজে শেষ হবে দিনের আনুষ্ঠানিকতা।

সাফজয়ী নারী দলকে বহনকারী ছাদ খোলা বাসটি বিমানবন্দর থেকে কাকলী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে। এরপর ফকিরাপুল, শাপলা চত্বর, আরামবাগ দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভবনে।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা মেয়েদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ‘থিম সং’ ও তৈরি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//