
নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পরিবেশগত টেকসই উন্নয়ন ক্ষেত্রে অর্জিত অনন্য অগ্রগতি বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে এবং বৈশ্বিক পোশাক ক্রেতাদের আস্থা বাড়িয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে কানাডিয়ান টায়ার কর্পোরেশন আয়োজিত ভেন্ডর সামিটে (vendor summit) তিনি এ মন্তব্য করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, সাফল্যের উপর ভিত্তি করে, বাংলাদেশ বিশ্বে একটি নিরাপদ ও টেকসই পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন এবং সুনাম ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিল্পটি পণ্য বৈচিত্র্যকরণ, প্রযুক্তি আপগ্রেডেশন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর দিকে ক্রমবর্ধমানভাবে মনোনিবেশ করছে।
সম্মেলনে জেমস প্রেসকট (James Prescott), ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট; এডি কং (Eddy Kong), জেনারেল ম্যানেজার, এশিয়া; জিয়া উদ্দিন, কান্ট্রি ম্যানেজার, কানাডিয়ান টায়ার কর্পোরেশন এবং কানাডীয় পোশাক ব্র্যান্ডের সাথে কাজ করা বাংলাদেশী সরবরাহকারীরা উপস্থিত ছিলেন।
ফারুক হাসান সম্মেলন আয়োজনের জন্য কানাডিয়ান টায়ারের প্রশংসা করে বলেন, এটি ব্র্যান্ড এবং সরবরাহকারীদের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে সহায়তা করবে।
বিজিএমইএ সভাপতি কানাডিয়ান টায়ারকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর জন্য অনুরোধ জানান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তাদেরকে বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে চলতি বছরের ১২-১৮ নভেম্বর বিজিএমইএ আয়োজিত “মেইড ইন বাংলাদেশ উইক”এ অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//