Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডলারে অতি মুনাফার কারনে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে  আনীত অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানরা স্বপদে ফেরার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতির এ ঘোষণা দেওয়া হয়।

এমডিকে অব্যাহতি দেওয়া ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এদিকে ব্যাংক ছয়টি গত মে-জুন মাসে ডলার কেনাবেচায় যে মুনাফা করেছিল, তার অর্ধেক আয় খাতে নিতে বলা হয়েছে। বাকি অর্ধেক অর্থ সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) বরাদ্দ রাখতে বলা হয়েছে। আগে এই মুনাফার পুরোটাই আলাদা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সম্পদ দায় ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, ট্রেজারি বিভাগের রিপোর্টিং প্রধান সরাসরি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তাই কেন ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চায় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী, ব্যাংকের পরিচালক ও এমডিদের অপসারণ করতে পারে বাংলাদেশ ব্যাংক।

মার্কিন ডলারে অতি মুনাফা করায় গত ১৭ আগস্ট ব্যাংকগুলোর এমডিদের ব্যাখা তলব করেছিল বাংলাদেশ ব্যাংক। পরদিন ১৮ আগস্ট দেশি-বিদেশি এ ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্বে থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//