Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 24 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে একটি পাতিহাঁস গত বুধ ও বৃহস্পতিবার দুটি কালো ডিম পেড়েছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পাতিহাঁসের কালো ডিম পাড়া নিয়ে চলছে অনুসন্ধান।

হাঁসের মালিক আব্দুল মতিন জানান, হাঁসটি শুক্রবার ডিম পাড়েনি।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল জানান, পাতিহাঁসের কালো ডিম পাড়ার কারণ অনুসন্ধানে হাঁসটির গতিবিধি, স্বাস্থ্য পরীক্ষা এবং ডিমের রঙ পর্যবেক্ষণে উপজেলা প্রাণিসম্পদ দফতরের দুইজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমার জানামতে দেশীয় কোনো পাতিহাঁস কালো ডিম পেড়েছে এমন ঘটনা বাংলাদেশে এই প্রথম। আমাদের দেশে জিং ডিং জাতের এক প্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয়। পাতিহাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনিনি। আমার মতে, এটি অস্বাভাবিক ডিম। ভারতীয় ব্রিডের কাদারনাথ কালো মাসি জাতের মুরগি রয়েছে, যেগুলো কালো ডিম পাড়ে এবং যেগুলোর মাংসও কালো। পাতিহাঁসটির জরায়ু বা শারীরিক কোনো সমস্যার কারণে ডিমের রং কালো হতে পারে। আমরা সাত দিন পর্যন্ত দেখব, যদি ডিমের রং সাদা না হয় তবে আমরা হাঁসটি পরীক্ষাগারে পাঠাব।

উল্লেখ্য, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগমের একটি হাঁস বুধবার কালো রঙের ডিম পাড়ে। পরদিন বৃহস্পতিবার আরো একটি কালো ডিম পাড়ে হাঁসটি। এনিয়ে শুক্রবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//