
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম স্কুলের শিক্ষার্থীদের জন্য চলতি বছরের ডিসেম্বরে ঢাকার সড়কে পরিবেশ বান্ধব ই-বাস (ইলেকট্রিক বাস) সেবা চালুর সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছ, শীতাতপ নিয়ন্ত্রিত ই-বাস আমদানির জন্য কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
এই বাস নগরীর গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় চলাচল করবে। প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে যে ৪ টি স্কুলে স্কুলবাস চালু হতে যাচ্ছে সেগুলো হলো চিটাগং গ্রামার স্কুল-ঢাকা, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল।
পরিকল্পনাটি সফল হলে ঢাকার সব স্কুলকে ধীরে ধীরে প্রকল্পের এই আওতায় আনা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে স্কুল বাস সার্ভিস একটি কার্যকর উপায় হতে পারে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, বাসের চার্জিং স্টেশন স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে সিটি কর্পোরেশন। নতুন ই-বাসগুলি শীতাতপ নিয়ন্ত্রিত ও শুধু স্কুল বাস হিসেবে ব্যবহৃত হবে।
ডিএনসিসি ইতিমধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কাজ শেষ করেছে। এখন কারিগরি কমিটি একটি সমীক্ষা পরিচালনা করছে যা অক্টোবরের মাঝামাঝি শেষ হবে।
ই-বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা ও ট্র্যাকিং সিস্টেমসহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে।
ঢাকায় কার্বন নিঃসরণ হ্রাস এবং দূষণ কমানোর উদ্দেশ্যে ডিএনসিসি এই প্রকল্পটি গ্রহণ করে।
বিশেষজ্ঞদের মতে, যানজট কমাতে স্কুল বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিনিয়োগবার্তা/এমআর//