
নিজস্ব প্রতিবেদক: ‘‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো আজ (বুধবার) বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে তথ্য কমিশনের উদ্যোগে আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরও সচেতন করতে ঢাকাসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় র্যালি, সমাবেশ, তথ্য-অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, তথ্য অধিকার আইন জনগণের কল্যাণে প্রণীত। তথ্যের অবাধ প্রকাশ জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে।
তিনি বলেন, ‘তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, তথ্য কমিশন সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//