Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 29 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের দক্ষতা সনদ বিষয়ে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় চুক্তি স্বাক্ষরের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান উপস্থিত ছিলেন।

এর ফলে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ/আধা দক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ দেওয়া হবে, সনদের মেয়াদ হবে পাঁচ বছর।

এই সনদ থাকার ফলে সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকরি পাওয়া সহজ হবে এবং বেতন-ভাতাদি ও ওই বিষয়ের দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়া যাবে। এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব গেলে আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করা হবে। যে সকল বিষয়ে এই স্কিল ভেরিফিকেশন করা হবে তা হলো—প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ মোট ২৩টি বিষয়ে এ স্কিল ভেরিফিকেশন দেওয়া হবে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর চুক্তিটি স্বাক্ষর হয়েছে, আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ/ আধা দক্ষ আরও কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে। এর ফলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//