
নিজস্ব প্রতিবেদক: পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট থাকায় বাংলাদেশ অঞ্চলের প্রায় ৫০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানান তিনি।
সম্প্রতি প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেই রিপোর্টেও বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়, বাংলাদেশ থেকে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি ভিডিও সরানো হয়েছে।
এর মধ্যে নিজে উদ্যোগী হয়ে ৯৯ দশমিক ২ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবং কোনো ভিউ হওয়ার আগেই সরানো হয়েছে ৯৬ দশমিক ৩ শতাংশ ভিডিও।
প্রসঙ্গত, ভিডিও সরিয়ে নেয়ার শীর্ষ ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।
টিকটকের প্রতিবেদনে বলা হয়েছে , কমিউনিটি গাইডলাইন, পরিষেবার শর্ত লঙ্ঘন করে এমন কনটেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে টিকটক নিয়মিত ব্যবস্থা গ্রহণ করে। এ ছাড়া ব্যবহারকারীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তারা এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে।
সঠিক উপায়ে ও আইনগতভাবে কোনো অনুরোধ করা হলে তাকে সম্মান করে টিকটক। তবে প্রত্যেকটি অনুরোধকেই পর্যালোচনা (রিভিউ) এবং নিজেদের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী বিবেচনা করে তারা।
চলতি বছরের মে মাসে প্রকাশিত টিকটকের আরেকটি প্রতিবেদনে জানা যায়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে ৫টি অনুরোধ পেয়েছিল টিকটক। এর মধ্যে ছিল ১৬টি অ্যাকাউন্ট। যার মধ্যে টিকটকের গাইডলাইন ভঙ্গের অভিযোগে ছয়টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া বাকি ১০টি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ সরকারের অনুরোধে টিকটকের ভিডিও সরিয়ে নেওয়ার হার ৩৮ শতাংশ।
বিনিয়োগবার্তা/এমআর//