Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের আরো দুটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এর মধ্যে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেড পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর মধ্যে আয়েশা ফ্যাশন লিমিটেড গোল্ড রেটিং পেয়েছে। 

সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল। এর মধ্যে দিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ।

তিনি জানান, গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেডকে গত ২৭ সেপ্টেম্বর স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা প্রতিষ্ঠানটিকে ৮৯ পয়েন্ট দিয়েছে। ১৫ সেপ্টেম্বর স্বীকৃতি পেয়েছে আয়েশা ফ্যাশন লিমিটেড। এই প্রতিষ্ঠানকে ৬৪ পয়েন্ট দিয়েছে ইউএসজিবিসি।

‘সবুজ পোশাক কারখানা’ ভবনে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ৫৪টি কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা সনদ পেয়েছে।

জানা গেছে, আরো ডজনখানেক কারখানা পরিবেশসম্মত ‘সবুজ কারখানা’র আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে।

২০০১ সাল থেকে লিড সনদ পাচ্ছে বাংলাদেশ। সংস্কার, জ্বালানি, পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে কারখানাগুলোকে ‘সবুজ কারখানা’ স্বীকৃতি দেয় ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

বিনিয়োগবার্তা/এসএল//