Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু বলা থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যাপারে সরকারের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থাগুলোর দিকে নজর দিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু কেউ বলতে পারবে না। এটা যে কোনো ধর্মের জন্যই প্রযোজ্য।

তিনি আরো বলেন, দেশের কোনো এলাকায় সংঘটিত কোনো ঘটনাকে বড় করে দেখাবেন না। বরং আপনাদের সবার কাছে আমার অনুরোধ ঐ ঘটনার বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থার দিকে নজর দিন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমি আপনাদের সহযোগিতা চাই। আশা করি আপনারা সহযোগিতা করবেন।

শেখ হাসিনা বলেন, সরকার সর্বদা দেশের অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষ চরিত্রকে সমুন্নত রাখার চেষ্টা করছে এবং তা বজায় রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএল//