
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে ১ হাজার ৩৫২ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে আয় হয়েছে ১৪১ কোটি ৬৪ লাখ টাকা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশ রপ্তানি আর বাড়ানো ঠিক হবে না।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইলিশ রপ্তানি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বেশ কিছু দেশে ইলিশ রপ্তানি হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য রপ্তানি হয় ভারতে, সেখান থেকে বৈদেশিক মুদ্রা দেশে আসছে।
হাইকোর্ট যদি কোন আদেশ দেয়, তাহলে অবশ্যই সেটি প্রতিপালন করা হবে। বাণিজ্যিকভাবে ইলিশের রপ্তানি এভাবে হয়নি, এবার যে পরিমাণ রপ্তানি হয়েছে। এবার অধিকাংশ রপ্তানিটা ভারতে হয়েছে।
অন্যান্য কয়েকটি দেশেও ইলিশ গেছে, সেগুলো উপহার কিংবা ব্যক্তিগতভাবে গেছে। কিন্তু বাণিজ্যিক ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//