
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ-কসোভো বাণিজ্য সম্প্রসারণে বিটুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রিজওয়ান রহমান।
বাংলাদেশ সফররত রিপাবলিক অব কসোভো-এর উপ-পররাষ্ট্র মন্ত্রী ক্রেশনিক আহমেতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যকার সৌজন্য সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি।
সোমবার (১০ অক্টোবর, ২০২২) রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০১৮ সাল হতে বাংলাদেশ ও কসোভো’র কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং ২০২০ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার, যদিও ২০২১ সালে বাংলাদেশ হতে কসোভো ১ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে, যার মধ্যে তৈরি পোষাক এবং ঔষধ অন্যতম।
দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর উন্নয়নে তিনি দুদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণের উপর জোরারোপ করেন।
এছাড়াও বলকান অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশী পণ্যে রপ্তানির বাজার সম্প্রসারণে স্থানীয় উদ্যোক্তাদের কসোভোতে বেশি হারে বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।
তিনি বাংলাদেশ হতে তথ্য-প্রযুক্তি খাতের প্রশিক্ষিত জনবল ও অবকাঠামো নেওয়ার প্রস্তাব করেন। দুদেশের ভৌগোলিক দুরত্বের বিষয়টি বিবেচেনায় নিয়ে ভার্চুয়ালি বিটুবি (বিজনেস টু বিজনেস) সেশন দেশদুটোর উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।
কসোভো’র উপ-পররাষ্ট্র মন্ত্রী ক্রেশনিক আহমেতি জানান, তাঁর দেশের মোট উদ্যোক্তাদের মধ্যে ৯২ শতাংশই এসএমই খাতের এবং দুদেশের ক্ষুদ্র ও মাঝারী খাতের উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কসোভোতে ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমের লভ্যাংশের উপর শূণ্য শতাংশ শুল্ক আরোপ করা হয়ে থাকে এবং দেশটি ইউরো কে নিজস্ব মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছে, এ ধরনের সুযোগ-সুবিধা বাংলাদেশের উদ্যোক্তাদের তাঁর দেশে বিনিয়োগে উৎসাহিত করবে।
এছাড়াও তিনি দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ‘যৌথ অর্থনৈতিক কমিটি’ এবং বিটুবি ফোরাম আয়োজনের প্রস্তাব করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক, সহ-সভাপতি মানোয়ার হোসেন, ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গানার ইউরিয়া এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অর্নিবান নিয়োগি এ সময় উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//