
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামকে পেছনে ফেলে এগিয়ে আছে আছে বাংলাদেশ। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য।
দেশটিতে মোট পোশাক রপ্তানির ২১ শতাংশই বাংলাদেশ থেকে যায়। চলতি পঞ্জিকা বছরের গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সাত মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।
এই প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী সব দেশের চেয়ে বেশি। তবে সেখানে মোট রপ্তানিতে চীন ও ভিয়েতনামের প্রথম ও দ্বিতীয় অবস্থান এখনও অটুট আছে।
অর্থাৎ বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান এখনও তৃতীয়। চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৫৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৭০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের সংশ্নিষ্ট সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) হালনাগাদ তথ্য বলছে, গত সাত মাসে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩৯ শতাংশ। এ সময় বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪৩ শতাংশ হারে। পরিমাণে বাংলাদেশের চেয়ে বেশি রপ্তানি হলেও প্রবৃদ্ধির হিসাবে পিছিয়ে আছে চীন। একই সময় চীনের রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ হারে।
রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ২৭৯ কোটি ডলার। পরিমাণের দিক থেকে চীনই শীর্ষে রয়েছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনামের অবস্থান এ ক্ষেত্রে দ্বিতীয়।
সাত মাসে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৯১ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের প্রায় দ্বিগুণ। আগের বছরের একই সময়ের তুলনায় ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ।
ওটেক্সার তথ্য বলছে, অন্যান্য দেশের মধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার রপ্তানিও আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//