
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অর্ধেকেরও বেশি দরিদ্র মানুষের বসবাস রয়েছে এমন ৫৪টি দেশের বৈশ্বিক অর্থনৈতিক সংকট সমাধানের জন্য জরুরিভিত্তিতে ঋণ সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে দিয়ে বলেছে, উন্নয়নশীল কয়েক ডজন দেশ দ্রুতই গুরুতর আকার ধারণ করা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। আর এই সংকটে বৈশ্বিক সম্প্রদায়ের ‘নিষ্ক্রিয়তার ঝুঁকি ভয়াবহ’ হতে পারে।
আর এই সংকটে বৈশ্বিক সম্প্রদায়ের ‘নিষ্ক্রিয়তার ঝুঁকি ভয়াবহ’ হতে পারে। ইউএনডিপি বলেছে, অবিলম্বে ত্রাণ সহায়তা সরবরাহ করা না হলে অন্তত ৫৪টি দেশে দারিদ্র্যের মাত্রা চরম বৃদ্ধি পাবে। একই সাথে ‘জলবায়ু অভিযোজন এবং সংকট’ প্রশমনে প্রয়োজনীয় বিনিয়োগ দরকার। ক্ষতিগ্রস্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকায় এটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং ওয়াশিংটনে জি২০ জোটের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
বৈশ্বিক এই অর্থনৈতিক সংকট সম্পর্কে বার বার সতর্ক করে দেওয়া হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ দেখা যায়নি এবং যে কারণে ঝুঁকি আরও বাড়ছে, জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন ইউএনডিপির প্রধান অচিম স্টেইনার।
বিনিয়োগবার্তা/এমআর//