Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 12 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে কাঁচা পাট ও পাটজাত পণ্য আমদানি করতে ইরানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান।

একই সঙ্গে তিনি তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল যন্ত্রপাতি, চা, ওষুধ, সিরামিক প্রভৃতি পণ্য বাংলাদেশ থেকে আরও বেশি হারে আমদানির জন্যও দেশটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (১১ অক্টোবর) ডিসিসিআই গুলশান সেন্টারে ঢাকায় ইরানের নতুন রাষ্ট্রদূত মানসুর চাভুশি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রিজওয়ান রাহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন হতেই বাংলাদেশ ও ইরান ডি-৮-এর সদস্য। এ সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পাশাপাশি কৃষি, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, এভিয়েশন প্রভৃতি খাতের উন্নয়নে দেশ দুটি একযোগে কাজ করতে পারে।

দুদেশের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে তিনি চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে ইরানের চাবাহার বন্দরের সরাসরি জাহাকীকরণ ব্যবস্থা চালু করতে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান।

ঢাকা চেম্বার সভাপতি জানান, ২০২০-২১ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে শূন্য দশমিক ৩০ এবং ১৮ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

এসময় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে তিনি দুদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিটুবি সেশন আয়োজন ও বাণিজ্য প্রতিনিধিদল আদান-প্রদানের প্রস্তাব করেন।

চাভুশি বলেন, বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন এবং কৃষিপণ্যের বহুমুখীকরণে একযোগে কাজ করতে ইরান অত্যন্ত আগ্রহী। বেসরকারি খাতের উদ্যোক্তারাই উভয় দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনার মাধ্যমে দ্রুত নিরসন করা প্রয়োজন।

এসময় ঢাকা চেম্বারের সহ-সভাপতি মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//