Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 12 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: গোপন কক্ষে ঢুকে অন্যের ভোট দিয়ে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনের প্রায় এক তৃতীয়াংশ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে চার ঘণ্টার মধ্যে।

এ নির্বাচনের ১৪৫ কেন্দ্রের সবগুলোতেই সিসি ক্যামেরা বসানো হয়েছে; ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে ভোট কেন্দ্রের পরিস্থিতি।

সেখানে অনিয়মের ঘটনা দেখার পর বেলা ১২টা পর্যন্ত কয়েক দফায় মোট ৪৪ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান।

তিনি সাংবাদিকদের বলেন, আপনারা দেখেছেন, কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা অনিয়ম করেছে তারা ভোট ডাকাত, দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন বসে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ভোট শুরুর পর সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় ও রামনগর উচ্চ বিদ্যালয় এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে।

পরে নির্বাচন কমিশন ওই তিনি কেন্দ্রের ভোট স্থগিত করে দেয় বলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব জানান।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, ‘জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজনের ভোট দেওয়ায় তিন কেন্দ্রে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গাইবান্ধা-৫ আসনে ভোটার আছেন মোট তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আওয়ামী লীগের মাহমুদ হাসান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির (জাপা) এএইচএম গোলাম শহীদ লাঙ্গল মার্কা নিয়ে, বিকল্প ধারার জাহাঙ্গীর আলম কুলা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান আপেল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন।

এ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিয়ম অনুযায়ী এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//