
বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন অফ-ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তা। এ ছাড়া আরেক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কমপক্ষে দুজন। খবর: রয়টার্স।
এ ঘটনায় সন্দেহভাজন এক শ্বেতাঙ্গ কিশোরকে আটক করা হয়েছে। তার সঙ্গে একটি বড় বন্দুক ছিল বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউজ রিভার গ্রিনওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
ওই হামলার পর দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তারা বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এরপর অভিযুক্তকে আটক করা হয়।
স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আরেকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বন্দুক হামলাকে ‘নির্বোধ’ উল্লেখ করে এ সময় মেয়র বলেন, আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবেলা করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ক্রমেই বেড়েছে বন্দুক হামলা। কয়েক দিন আগেও ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে শিশুদের টার্গেট করে গুলি চালানো হয়। দেশটিকে অগ্নেয়াস্ত্র আইন নিয়ে দীর্ঘ বিতর্ক চললেও এখনো কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
মেয়র বাল্ডউইন জানান, এই বন্দুক হামলার ঘটনায় একাধিক সংস্থা তদন্ত করছে।
বিনিয়োগবার্তা/এসএএম//