
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকরী স্থায়ী করাসহ ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেল শ্রমিকরা।
রোববার সকাল থেকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। তবে বিক্ষোভ চললেও কমলাপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনকারীরা কমলাপুর রেলস্টেশনে এবং রেলওয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের সামনে তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
রেলওয়ে পুলিশের কমলাপুর স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ছয় দফা দাবিতে সকালে স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। কয়েক দফা তাদের সঙ্গে আলাপ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জানা গেছে, রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের ডাকে সাধারণ রেলওয়ে শ্রমিকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সংগঠনটি বিক্ষোভ কর্মসূচি থেকে জানায়, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো:
১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।
২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।
৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।
৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।
৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।
৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//