
নিজস্ব প্রতিবেদক: খাদ্যপ্রাপ্তির সংকট থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য সবাইকে খাদ্য উৎপাদন বাড়াতে ও সাশ্রয়ী হতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তাগাদা দেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে যে দুর্যোগের ঘনঘটা তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত করতে হবে। যে যার অবস্থান থেকে অধিক খাদ্য উৎপাদনের চেষ্টা করুন। যার যে জমি আছে সবাই সেখানে কিছু উৎপাদনের চেষ্টা করুন।
‘সাশ্রয়ী হোন। আমাদের সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক জায়গা আছে। আমি মনে করি, সব জায়গায় আমরা যদি কিছু কিছু উৎপাদনের দিকে নজর দেই, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী দুর্ভিক্ষ হলে, বাংলাদেশ যেন খাদ্য জোগান দিতে পারে, সেই ব্যবস্থাটাই করতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের খাদ্য সাশ্রয় করতে হবে। বেঁচে যাওয়া খাদ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। আমরা উৎপাদন করে যাচ্ছি কিন্তু সেগুলো যথাযথভাবে সংরক্ষণ না করতে পারলে অযথাই নষ্ট হবে। সেদিকে এখন নজর দিতে হবে।
সোমবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী
‘দুর্ভিক্ষ ঠেকাতে আমরা যেসব পণ্য আমদানি করি, সেসব পণ্য ব্যবহারে মনোযোগী হতে হবে। সেগুলোর উৎপাদন কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। আমি মনে করি, সেটা খুব একটা কঠিন হবে না। আমাদের পেঁয়াজের ঘাটতি ছিল। এখন আমরা নিজেরাই উৎপাদন করে চাহিদা মেটাচ্ছি। আমাদের তেলজাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও স্বাগত বক্তব্য দেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//