Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 18 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য বৈশ্বিক দুর্ভিক্ষ বা খাদ্য সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশে যেন খাদ্যের অভাব দেখা না দেয়, সেজন্য এখনই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করুন। সারা বিশ্বে যে দুর্যোগের আভাস আমরা পাচ্ছি, তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত করুন। এখন তো ছাদ কৃষি থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থা আছে, সুতরাং যে যেভাবে পারেন, উৎপাদনের দিকে মনোযোগী হোন, সাশ্রয়ী হোন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সরকারপ্রধান আরো বলেন, আমরা সব ধরনের ভর্তুকি দিয়েই কৃষি ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারী, বিশেষ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরে খাদ্যোৎপাদন ও খাদ্যপ্রাপ্তিতে বিশ্বব্যাপী যে সমস্যা দেখা দিয়েছে, সে সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো এখন বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে। এ সংকট রোধে খাবার সংরক্ষণের ওপর জোর দিতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কৃষিসচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নির্বাহী পরিচালক ডক্টর লরেন্স হাদ্দাদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি সাসো মার্টিনো, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//