
নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুতের অভাবে দেশের ১ হাজার ৭০০ টেক্সটাইল কারখানার ৬০ শতাংশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী।
গত মার্চে গ্যাসের সংকট শুরু হয়। জুলাইয়ে পরিস্থিতি আরো খারাপ হয়। আর আগস্ট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, রূপগঞ্জ, আড়াইহাজার, নরসিংদীর মাধবদী, ঢাকার পার্শ্ববর্তী সাভার-আশুলিয়া, গাজীপুরের শ্রীপুর, কুমিল্লা ও চট্টগ্রামের বস্ত্রকলগুলো গ্যাস-সংকটের কারণে দিনে গড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকছে। এতে করে কারখানাগুলো উত্পাদনক্ষমতার মাত্র ৩০-৪০ শতাংশ ব্যবহৃত হচ্ছে।
বিটিএমএ সভাপতি বলেন, দুরবস্থার মধ্যেও ব্যাংকগুলোর অসহযোগিতায় টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়ছেন। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারলে দাম বাড়ানোতেও ব্যবসায়ীদের আপত্তি না থাকার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, টেক্সটাইল খাতের মিলগুলোয় যদি গ্যাসের অব্যাহত সংকট চলতে থাকে, তাহলে সরকার ডলার ও জ্বালানি সংকট মোকাবিলার জন্য যে সাশ্রয়ী নীতি নিয়েছে, তা বাধাগ্রস্ত হতে বাধ্য। এতে গ্যাস সংকটের কারণে মিলগুলোতে তারল্য সংকট সৃষ্টি হয়ে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ সহ-সভাপতি ফজলুল হক ও আব্দুল্লাহ আল মামুন, পরিচালক মোশাররফ হোসেন, আবদুল্লাহ জোবায়ের, সৈয়দ নুরুল ইসলাম, মোনালিসা মান্নান প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//