Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সিসা দূষণ থেকে মানুষকে বাঁচাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রায়ই অবৈধ ব্যাটারি উৎপাদন এবং পুনর্ব্যবহারের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে।

 

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের আয়োজনে ‘লেড পয়জনিং ইন বাংলাদেশ: রিসার্চ এভিডেন্স ফর আর্জেন্ট অ্যাকশন শীর্ষক এক সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, সরকারি উদ্যোগের ফলে যানবাহনেও এখন সিসামুক্ত জ্বালানি ব্যবহার হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগই কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে না বরং আমাদের ব্যাপক সচেতনতা প্রয়োজন। জনগণের জানা উচিত, সিসা মানবদেহে একটি নীরব ঘাতক এবং এটি শরীরের পুরো সিস্টেমকে প্রভাবিত করে।

 

সিসার স্নায়বিক বিষাক্ততা শিশুদের দেহ এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করে জানিয়ে মন্ত্রী বলেন,এ সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজ ও এনজিওগুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

 

পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ব্যবহৃত মোট সিসার প্রায় ৮৫ ভাগই ব্যাটারি তৈরির জন্য ব্যবহৃত হয়। পেইন্ট ও মশলায় সিসাও আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়।

 

সরকার ২০০৬ সালে প্রথমে এবং ২০২১ সালে আরও একবার এসআরও জারি করে। তাতে সিসা দিয়ে ব্যাটারি উৎপাদনের জন্য পরিবেশগত ছাড়পত্র নিতে বলা হয়েছে। এছাড়া পরিবেশগতভাবে নিরাপদ রিসাইক্লিং, ব্যাটারি ব্রেকার এবং উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সাথে সংশ্রিষ্টদের দায়-দায়িত্ব এবং কর্মীদের স্বাস্থ্য সমস্যাগুলোর ওপর জোরারোপ করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন, আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. শামস এল আরিফীন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েটসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//