
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। তিনি বলেছেন, জাতিসংঘ সঙ্ঘাতপূর্ণ ইস্যুগুলোতে বিতর্কের ব্যবস্থা রেখেছে। কিন্তু সম্প্রতি কোনো কোনো রাষ্ট্র জাতিসংঘকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণে আমরা বিপদে রয়েছি।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘে আলোচনা করে দেয়া হলে আমরা হয়ত বিপাকে পড়তাম না। এখন নিষেধাজ্ঞাটা যার ওপর দেয়া হল, সেই দেশের খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো অসুবিধায় পড়েছে।
বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক ড. মিল্টন বিশ্বাস।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সব রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। জাতিসংঘের প্রাপ্তি বা অর্জন অথবা ব্যর্থতা নির্ভর করে বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানদের ওপর। কেননা সদস্য রাষ্ট্রগুলোর নেতৃত্বের পরামর্শেই জাতিসঙ্ঘ কাজ করে। রাষ্ট্রসমূহের নেতৃত্ব শক্তিশালী হলে জাতিসংঘের অর্জনও শক্তিশালী হয়। আর নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব-সঙ্ঘাত লেগে থাকলে জাতিসংঘ সুবিধা করতে পারে না।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সৃষ্টি, যার মূল উদ্দেশ্য সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। আরেকটি লক্ষ্য ছিল বিশ্ব মানবতার উন্নয়ন। এ সব লক্ষ্য অর্জনে জাতিসংঘ যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সেটা বলা যাবে না। কারণ মানবউন্নয়নে জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। যার ফলে বিশ্বে দারিদ্র কমেছে, শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে, আর্থ-সামাজিক খাতে বিভিন্ন রকম অর্জন রয়েছে। তবে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে জাতিসংঘের এখনো দুর্বলতা রয়েছে। এর পেছনে রয়েছে জাতিসংঘের শক্তিশালী রাষ্ট্রসমূহ। আর তারা হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য, যাদের ভেটো ক্ষমতা রয়েছে।
নিরাপত্তা পরিষদের বর্তমান পদ্ধতি গণতান্ত্রিক নয় উল্লেখ করে ড. মোমেন বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর তৎপরতার কারণে জাতিসংঘে কোনো সংস্কার আনা যাচ্ছে না। কিন্তু নিরাপত্তা পরিষদে সংস্কার আজ সময়ের দাবি। বাংলাদেশ চায় জাতিসঙ্ঘ আরো শক্তিশালী হোক। আমরা চাই বহুপাক্ষীকতা।
ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা বঙ্গবন্ধুর নীতিতে বিশ্বাসী। এই নীতি অনুসরন করেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, কলামিস্ট ফোরামের সহ-সভাপতি ড. রাশিদ আসকারী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//