
নিজস্ব প্রতিবেদক: শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (২৬ অক্টোবর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
নসরুল হামিদ বলেন, বৈশ্বিক এ সমস্যা সম্মিলিতভাবে সমাধান করা আবশ্যক। ব্যবসায়ীদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আগামীতে অগ্রাধিকার দিয়ে শিল্পের প্রসারে কাজ করা হবে। পরিকল্পিত এলাকায় শিল্পকারখানা স্থাপন করলে এককভাবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে সুবিধা পাওয়া যেত। কিন্তু বিচ্ছিন্নভাবে যত্রতত্র শিল্পকারখানা স্থাপন করায় এ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, গাজীপুর-আশুলিয়া-নারায়ণগঞ্জে গ্যাস চাপ সমস্যা দ্রুত সমাধান করা হবে। ক্যাপটিভ পাওয়ারে ১৭ ভাগ ও শিল্পে ১৮ ভাগ গ্যাস দেওয়া হচ্ছে। ব্লান্ডেড গ্যাসের মূল্য ২৮ দশমিক ৪২ টাকা প্রতি ঘনমিটার অথচ গড় বিক্রয় মূল্য ১১ দশমিক ৯১ টাকা/ঘনমিটার। শিল্পের প্রসারের জন্যই কম মূল্যে গ্যাস বিক্রয় করা হয়। ব্যবসায়ীদের বিদ্যমান উদ্বেগ দ্রুত লাঘব করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমই, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইকনোমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্মল অ্যান্ড ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//